শেরপুর প্রতিনিধি:
বিশ্বকাপ এলেই ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক, খোঁচাখুঁচি এবং সমর্থন নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে শেরপুরে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক শিবু প্রকাশ্যেই দল বদলের ঘোষণা দিয়েছেন। শুধু দল পরিবর্তন করেই ক্ষান্ত হননি, ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল শিবিরে যোগ দিয়েছেন তিনি।
সোমবার (৮ জুন) রাতে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকায় এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। এ সময় ব্রাজিল সমর্থক মেহের খান অপু, আব্দুল্লাহ আল নাইম, রায়হান ইসলাম রাব্বী, জাকির হোসেনসহ ১০ থেকে ১২ জন সমর্থক উপস্থিত ছিলেন।
ব্রাজিল সমর্থক আলিম জানান, শিবু দীর্ঘদিন ধরে মূলত লিওনেল মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছিলেন। তবে এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে বলে তিনি মনে করছেন। পাশাপাশি বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত খেলোয়াড় না থাকায় দলটির প্রতি তার আস্থা কমে গেছে। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল ও নেইমারের প্রতি তার বিশেষ আকর্ষণ রয়েছে। এসব কারণেই তিনি ব্রাজিলের সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দল পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে শিবু বলেন, “আমি দীর্ঘদিন শুধু মেসির কারণেই আর্জেন্টিনাকে সমর্থন করেছি। কিন্তু এখন মনে হচ্ছে এটাই তার শেষ বিশ্বকাপ হতে পারে। বর্তমান দলে আগের মতো তারকা খেলোয়াড়ও নেই। তাই আর্জেন্টিনার ওপর আগের মতো ভরসা পাচ্ছি না। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সবসময়ই আমাকে মুগ্ধ করে। নেইমারও আমার প্রিয় খেলোয়াড়দের একজন। তাই ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।”
১০ লিটার দুধ দিয়ে গোসল করার সময় উপস্থিত ব্রাজিল সমর্থকরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।
ব্রাজিল সমর্থক জাকির হোসেন বলেন, “শিবুর এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের মধ্যে এমন পরিবর্তন অস্বাভাবিক নয়। তিনি এখন আমাদের ব্রাজিল শিবিরের অংশ। আমরা সবাই মিলে ব্রাজিল দলের সাফল্য কামনা করছি।”
স্থানীয়দের মতে, বিশ্বকাপকে সামনে রেখে এমন ব্যতিক্রমী দলবদলের ঘটনা এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা, সমালোচনা ও হাস্যরস।