শওকত হোসেন সৈকত ধামরাই প্রতিনিধি ঃ
ঢাকার ধামরাইয়ে পর্নোগ্রাফি ও নারী নির্যাতন সংক্রান্ত মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে পুলিশের ওপর দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবদল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি পলাতকসহ ১৫-১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ধামরাই পৌরসভার পাঠানটোলা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন সৈয়দ ইউসুফ আলী প্রান্ত (৩০) ও নাইম ইসলাম (৪০)। তাদের মধ্যে নাইম ইসলাম ধামরাই উপজেলা যুবদলের সদস্য। তারা উভয়েই পাঠানটোলা এলাকার বাসিন্দা।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন আনিকা রায়হান সুচনা (২৯), রায়হান (২৪) এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন। তারা প্রধান আসামি প্রান্তের স্বজন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার আসামিদের গ্রেপ্তারে বুধবার বিকেলে অভিযান চালানো হয়। এ সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের কাজে বাধা দেয় এবং হামলা চালায়। এতে পুলিশ সদস্য মো. আইয়ুব আলী ও শামীম আল মামুন আহত হন।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে আরও দুই পুলিশ সদস্য মো. কাশেম হোসেন ও আব্দুস সামাদ আহত হন।
একপর্যায়ে দুই আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে তাদের সহযোগীরা পুলিশের গাড়ির গতিরোধ করে পুনরায় হামলা চালায়। এ সময় এক পুলিশ সদস্যের পোশাক ছিঁড়ে ফেলা হয়।
আহত পুলিশ সদস্যদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খান জানান, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।