নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। হামলায় ডিবি পুলিশের ছয় সদস্য ও এক সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের তেরতোফা গ্রামে এ ঘটনা ঘটে। পরে বুধবার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত ১৫ জনকে আটক করা হয়।
আহতরা হলেন—ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল ও শওকত আহমেদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম, পুলিশ সদস্য শামীম, হিমেল ও খায়রুল এবং স্থানীয় একটি দৈনিকের ফটোসাংবাদিক শ্যামল সরকার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীমান্ত দিয়ে ভারতীয় গরু, চিনি, জিরা ও কসমেটিকসসহ বিভিন্ন পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত একটি চক্র ভারতীয় গরু পাচার ও বড় অংকের টাকা লেনদেনের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ডিবি পুলিশের একটি দল তেরতোফা গ্রামের সারফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে চোরাকারবারিরা চিৎকার করে আশপাশের লোকজন জড়ো করে ডিবি পুলিশের ওপর হামলা চালায়। কিল-ঘুষি, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে ডিবির ছয় সদস্যকে আহত করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত শ্যামল সরকার নামের এক ফটোসাংবাদিকও আহত হন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে ১৫ জন হামলাকারীকে আটক করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, পাঁচটি ভারতীয় গরু, পাঁচ বোতল ভারতীয় মদ, ২০টি ইয়াবা, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং একটি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”