কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোরের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই সিএনজিচালক জাকারিয়া সরকার (৪০), একই এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮) ও তার স্ত্রী শিরিনা খাতুন (২০)। একই পরিবারের চারজনের প্রাণহানিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, আমেনা ও কমেলা রাজশাহী জেলার বাঘা থানার চকরাজাপুর এলাকায় মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি খাজানগরে ফিরছিলেন। সিএনজিটি শহরের ত্রিমোহনী থেকে বাইপাস হয়ে খাজানগরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটির সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, দুর্ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দিয়েছেন এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন।